মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

ত্রয়োদশ সংসদে কোটিপতি এমপি ৭৯.৪৬ শতাংশ: টিআইবির প্রতিবেদন


প্রকাশ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের মধ্যে ২৩৬ জন, অর্থাৎ প্রায় ৭৯.৪৬ শতাংশই কোটিপতি এবং তাঁদের মধ্যে ১৩ জন শতকোটিপতি বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এবারের সংসদ নির্বাচন মোটামুটিভাবে গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় প্রায় ৭৫ শতাংশ জাল ভোটের অপচেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিবেদনে বলা হয়, টিআইবির গবেষণার আওতায় থাকা প্রায় ৪০ শতাংশ কেন্দ্রে একাধিক অনিয়মের ঘটনা ঘটেছে। প্রার্থীদের সর্বোচ্চ গড় ব্যয়সীমা ছিল ৪৪ লাখ ২৪ হাজার টাকা, কিন্তু বাস্তবে গড়ে ব্যয় হয়েছে ১ কোটি ১৯ লাখ ২৩ হাজার টাকা। অর্থাৎ নির্ধারিত সীমার তুলনায় গড়ে প্রায় ৭৪ লাখ ৯৮ হাজার টাকা বেশি ব্যয় করা হয়েছে।

গবেষণায় আরও দেখা যায়, প্রায় ৯৯ শতাংশ প্রার্থী কোনো না কোনোভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। একই সঙ্গে ৪৬ দশমিক ৪ শতাংশ ক্ষেত্রে ভোটারদের হুমকি দিয়ে কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া বা ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠে এসেছে।