সামাজিক যোগাযোগমাধ্যমে আসল টাকার আদলে তৈরি ‘নমুনা নোট’ ব্যবহার করে বিভ্রান্তিকর ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ায় বিশেষ সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, এ ধরনের কর্মকাণ্ড জাল নোটের ঝুঁকি বাড়িয়ে দেশের মুদ্রা ব্যবস্থাপনাকে অস্থিতিশীল করতে পারে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে আসল নোটের ডিজাইন ও আকার অনুসরণ করে বড় আকারের ‘নমুনা নোট’ ব্যবহার করে প্রচারণা চালানো হচ্ছে। বাজার ও উন্মুক্ত স্থানে টাকার মতো কাগজ ব্যবহার করেও বিভিন্ন প্রচারণা দেখা যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসল নোট সদৃশ কাগজ তৈরি, ব্যবহার বা প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০–এর ৪৮৯(ঙ) ধারা অনুযায়ী বিভ্রান্তি সৃষ্টি করতে সক্ষম এমন নথি বা কাগজ তৈরি ও বিতরণ করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, ডিজিটাল মাধ্যমে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে বলেও উল্লেখ করা হয়।
জনসাধারণকে জাল নোট প্রতিরোধে সতর্ক থাকার পাশাপাশি বিভ্রান্তিকর কন্টেন্ট তৈরি ও প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।