দীর্ঘ দুই যুগ পর রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন বলে জানা গেছে। আয়োজনে দেশি–বিদেশি মিলিয়ে প্রায় ১ হাজার ২০০ আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে এবং জোটগতভাবে ২১২টি আসনে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নতুন সরকার গঠনের প্রক্রিয়াকে কেন্দ্র করে ইতোমধ্যে কূটনৈতিক তৎপরতাও জোরদার হয়েছে।
বিদেশি অতিথিদের মধ্যে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। এছাড়া নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কার প্রতিনিধিদের অংশগ্রহণের কথাও আলোচনায় রয়েছে।
দিনের শুরুতেই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, সকাল ১০টায় প্রধান নির্বাচন কমিশনার এমপিদের শপথ পড়াবেন। এরপর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে বিএনপি সংসদীয় দলের নেতা নির্বাচন করবে, যিনি পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন।
এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের বিদায়ী বৈঠকে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া ও কর্মকালীন অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়।
শপথ অনুষ্ঠানটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজনের সিদ্ধান্ত বিএনপির পক্ষ থেকেই নেওয়া হয়েছে। প্রথা অনুযায়ী অনুষ্ঠানে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, তিন বাহিনীর প্রধান, জ্যেষ্ঠ রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক ও কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলেও পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে তিনি আসতে পারছেন না। তার পরিবর্তে ভারতের প্রতিনিধি দল অনুষ্ঠানে অংশ নেবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।