ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে আজ বিকেলে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যভুক্ত জোট।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভ মিছিলের পর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হবে।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশে শফিকুর রহমানসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেবেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোট গ্রহণ হলেও ফল ঘোষণা করা হয়েছে ২৯৭টির। এর মধ্যে জোটটি ৭৭টি আসনে জয় লাভ করেছে বলে দাবি করা হয়েছে। শরিক দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামী সর্বোচ্চ ৬৮টি আসন পেয়েছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি এবং খেলাফত মজলিস পেয়েছে ১টি আসন।
নির্বাচনের পর বিভিন্ন স্থানে হামলা ও সহিংসতার পাশাপাশি কারচুপির অভিযোগ তুলেছে ১১ দলীয় জোট। একই সঙ্গে ৩০টি আসনের ফলাফল চ্যালেঞ্জ করে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণাও এসেছে তাদের পক্ষ থেকে।