নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তবে পুলিশ সম্পূর্ণভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত নিরাপত্তা সহায়তার জন্য সেনাবাহিনীর একটি অংশ মাঠে দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সিএএস দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া এক ভাষণে সেনাপ্রধান এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশে ও বিদেশে, বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত সদস্যরাও যুক্ত ছিলেন।
এ সময় নির্বাচনকালীন দায়িত্ব পালনে সেনাসদস্যদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার প্রশংসা করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান সেনাপ্রধান। তিনি বলেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল এবং জনগণ এই অবদান স্মরণ রাখবে।
বক্তব্যের শেষাংশে তিনি ধৈর্যের গুরুত্ব তুলে ধরে পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করেন এবং দায়িত্ব পালনে শৃঙ্খলা, ধৈর্য ও পেশাদার মনোভাব বজায় রাখার আহ্বান জানান।