ডি.সি “ভাই আপনাকে আমি অভিশাপ দিলাম আল্লাহ আপনার বিচার করবে। আমার বউ-বাচ্চাকে কাঁদিয়ে, আমাকে কাঁদিয়ে আমার পাওয়া ভোট ছিনতাই করেছেন। আল্লাহর কাছে বিচার দিলাম। আপনার ছেলে-মেয়েও রাস্তায় রাস্তায় কান্না করবে। এটা আমার অভিশাপ। আপনি আমার ভোট ছিনতাই করেছেন। এর জবাব আল্লাহর পক্ষ থেকে আপনি পাবেন”। এমনই করে অভিশাপ দেন রংপুর বিএনপির ৪ আসনের পরাজিত প্রার্থী এমদাদুল ভরসা হক।
রোববার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগ দিতে গিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানকে এমন অভিশাপ দেন।
ডিসিকে এমদাদুল হক ভরসা বলেন, আমাকে হারাতে গিয়ে কোন নিয়ম মানা হয়নি, এখন ভোট পূণগনার আবেদন করছি, এখন আপনি নিয়ম দেখাচ্ছেন। সময় ক্ষেপন করছেন। আপনার হাতে অনেক ক্ষমতা। আপনি সময় ক্ষেপন করে আমার ব্যালট পেপার, রেজাল্ট সীট আপনি পরিবর্তন করতে পারেন। তাই আমি শুনতে চাই, আপনি কবে নাগাদ ভোট পূনগণনা করবেন সেটি জনগণকে বলেন।
এদিকে ডিসিকে অভিশাপ দেওয়ার বক্তব্য প্রদানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তের ভাইরাল হয়ে যায়। ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর নেটিজেনরা আলোচনা-সমালোচনা করেন মন্তব্যে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ আসনে জেলা রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র প্রার্থী আখতার হোসেন শাপলা কলি প্রতীকে ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিকে ৯ হাজার ৪০২ ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি। বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৪০ হাজর ৫৬৪ ভোট। এই আসনে ভোট বাতিল হয়েছে ৮ হাজার ২৬৩ ভোট।
অন্যদিকে রংপুর-৩ (সদর), রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে পুনরায় ভোট গণনার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছেন বিএনপি প্রার্থীর সমর্থকরা। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এসময় আখতার হোসেন ও জেলা প্রশাসককে ভোট চোর উল্লেখ করে স্লোগান দেন বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভ কর্মসূচিতে বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা, সামসুজ্জামান সামু এবং সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
রংপুর ৪ আসনের বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা বলেন, এই নির্বাচনে আমি শতভাগ আশাবাদী ছিলাম যে, ইনশাল্লাহ জনগণের রায়ে আমি এমপি নির্বাচিত হবো। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত আমাদের প্রতিপক্ষ এনসিপির আখতার হোসেন যেভাবে মব সৃষ্টি করেছে, প্রশাসনের সহায়তা নিয়ে যেভাবে আমার নির্বাচনের ফলাফলটাকে ইঞ্জিনিয়ারিং করেছে, এ ব্যাপারে গত শুক্রবার সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত ডিসির বাংলোতে গিয়েও আমি ডিসির কোনো দেখা পাইনি। আমার একটাই অভিযোগ, যে নির্বাচনটা হয়েছে, এর ফলাফলটা যেটা দিয়েছে, এটা আমরা পুন গণনা চাই। এর আগে গত শনিবার কাউনিয়া উপজেলার মীরবাগ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এমদাদুল হক ভরসার সমর্থকরা।
এ বিষয়ে রংপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান জানান, রংপুর ৩, ৪ ও ৬ আসনের বিএনপির প্রার্থীদের ভোট পুনরায় গণনার বিষয়টি লিখিত আকারে অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি নির্বাচন কমিশনের নিকট পরবর্তী নির্দেশনার জন্য প্রেরণ করেছি।