ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করে কর্মসংস্থান সৃষ্টি করা অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য।রোববার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিসে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সাথে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম উল্লেখ করেন, রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ প্রক্রিয়ার অংশ হিসেবে অর্থনৈতিক সংস্কারও করা হবে। বিদেশি কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে অন্তর্বর্তী সরকার উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে কাজ করছে, যাতে কর্মসংস্থানের সুযোগ বাড়ে।
রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক জানান, দক্ষিণ কোরিয়া বাংলাদেশে চতুর্থ বৃহৎ বিনিয়োগকারী দেশ। স্যামসাং, এলজি'র মতো প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগ করছে, তবে উচ্চ কর হারের কারণে তাদের উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে।
এ সময় রাষ্ট্রদূত ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) বাস্তবায়নের মাধ্যমে অবৈধ মোবাইল ফোন বন্ধের পরামর্শ দেন এবং যৌথ বিনিয়োগের ইচ্ছাও প্রকাশ করেন।নাহিদ ইসলাম বলেন, কর হারের বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে এবং অর্থনৈতিক সংস্কারের সময় এ বিষয়ে বিবেচনা করা হবে।
তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী জানান, স্থানীয় প্রস্তুতকারী শিল্পকে উৎসাহিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মুশফিকুর রহমান সরকারি প্রতিষ্ঠান টেশিসে বিনিয়োগের জন্য রাষ্ট্রদূতকে আহ্বান জানান।এ সময় ডেপুটি চিফ অব মিশন ঝিনহি ব্যাক ও স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হুয়াংসুংসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।