বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

মাদক ও জুয়া মামলায় এক মাস আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা জেলা আইনজীবী সমিতির


প্রকাশ :

লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে আগামী এক মাস মাদক ও জুয়া আইনে গ্রেফতার হওয়া কোনো আসামির জামিন আবেদন বা আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির নেতারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, মাদক, জুয়া, যৌতুক, বাল্যবিবাহ ও দুর্নীতি প্রতিরোধে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি ঘোষিত ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সমিতির নেতারা জানান, সমাজ ও দেশকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং যুবসমাজকে বিপথগামিতা থেকে ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সামাজিক অপরাধ দমনে রাষ্ট্রের যেকোনো ইতিবাচক পদক্ষেপে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কে এম হুমায়ুন রেজা (স্বপন)। এ সময় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম (রফিক), সমিতির সদস্যবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।