বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

মালয়েশিয়ার শ্রমবাজারে ফিরছে বাংলাদেশি কর্মী, শিগগিরই শুরু হবে নিয়োগ


প্রকাশ :

বাংলাদেশি কর্মীদের জন্য আবারও উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার। দুই দেশের আলোচনার অগ্রগতির পর দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে শিগগিরই নতুন করে কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার (৭ জুলাই) সিলেট সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী বলেন, আগামী এক থেকে দুই মাসের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করার লক্ষ্যে সরকার কাজ করছে। এবার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ নিজস্ব ব্যবস্থাপনায় রিক্রুটিং এজেন্সি নির্বাচন করবে। অতীতের অনিয়ম, সিন্ডিকেট ও দুর্নীতির পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

মালয়েশিয়ার শ্রমবাজার গত এক দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন সময়ে বন্ধ ও চালুর মধ্য দিয়ে গেছে। ২০০৮ সালে অনিয়মের অভিযোগে প্রথমবার বাজারটি বন্ধ হয়। পরে ২০১৬ সালে পুনরায় চালু হলেও ২০১৮ সালে আবারও বাংলাদেশি কর্মী নেওয়া স্থগিত করে মালয়েশিয়া। ২০২২ সালে সীমিত পরিসরে নিয়োগ শুরু হলেও ২০২৪ সালের ১ জুন থেকে নতুন করে কর্মী নেওয়া বন্ধ হয়ে যায়। সাম্প্রতিক দ্বিপক্ষীয় আলোচনার পর সেই অচলাবস্থার অবসান ঘটেছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মালয়েশিয়ায় যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেও আটকে পড়া ৭ হাজার ৮৭৩ জন কর্মীকে পর্যায়ক্রমে পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি সংস্থা বোয়েসেলকে। ইতোমধ্যে প্রায় ৩ হাজার কর্মী মালয়েশিয়ায় পৌঁছেছেন। বাকি কর্মীদের পাঠানোর বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

প্রবাসীকল্যাণ মন্ত্রী আরও বলেন, মালয়েশিয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্য, জাপান ও মরিশাসসহ নতুন শ্রমবাজার সম্প্রসারণে সরকার কাজ করছে। বৈধ অভিবাসন বৃদ্ধি এবং রেমিট্যান্স প্রবাহ আরও জোরদার করতে বিকল্প শ্রমবাজার অনুসন্ধানের উদ্যোগও অব্যাহত রয়েছে। ফলে বিদেশগামী কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।