রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন। হাসপাতালে তার অবস্থা জানতে চাইলে পরিচালকের দপ্তর জানায়, তিনি গুরুতর আহত এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
শুক্রবার দুপুরে বক্স কালভার্ট এলাকার কাছে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত চলে যায়। আহত অবস্থায় তাকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে এ হামলা ঘটে।
ঘটনার সময় হাদির ঠিক পেছনের রিকশায় থাকা মো. রাফি বলেন, জুমার নামাজ শেষে হাইকোর্টমুখী ছিলেন তিনি। বিজয়নগরে পৌঁছাতেই হাদির ওপর হামলা চালানো হয়।
ওসমান হাদি আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি দ্রুত তদন্ত করে হামলাকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।