রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

তালিকা চূড়ান্ত না হওয়া পর্যন্ত এনআইডির সেবা বন্ধ: রয়েছে ৫ পরিবর্তনের সুযোগ


প্রকাশ :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতির অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদ ও চূড়ান্তকরণ চলছে। এই প্রক্রিয়ায় প্রভাব না ফেলে কাজ এগিয়ে নিতে এনআইডির বেশ কিছু গুরুত্বপূর্ণ সেবা সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নাম, পিতার নাম, মাতার নাম, পেশা, জন্মতারিখ, ভোটারের ঠিকানা ও ছবি—এই সাতটি তথ্য আপাতত পরিবর্তন বা সংশোধনের জন্য গ্রহণ করা হবে না। তার ভাষায়, এই তথ্যগুলো ভোটার তালিকার মূল ভিত্তি, তাই তালিকা চূড়ান্ত না হওয়া পর্যন্ত পরিবর্তন হলে প্রক্রিয়ায় বিঘ্ন ঘটতে পারে।

তিনি বলেন, তালিকা চূড়ান্ত হওয়ার পর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এসব সেবা আবার উন্মুক্ত করা হবে এবং তখন স্থগিত থাকা সংশোধনের আবেদনগুলো বিবেচনা করা হবে।

যদিও বড় ধরনের তথ্য সংশোধন বন্ধ থাকছে, সীমিত পাঁচটি বিষয়ে পরিবর্তনের সুযোগ আগের মতোই চালু রয়েছে। এগুলো হলো—স্বামী বা স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, ধর্ম, প্রতিবন্ধিতার ধরণ; পাশাপাশি অন্যান্য ঠিকানা, টেলিফোন ও মোবাইল নম্বরের মতো তথ্যও আপডেট করা যাবে।

আখতার আহমেদ জানান, নতুন এনআইডি নিবন্ধন স্বাভাবিকভাবে চলছে এবং নতুন ভোটার অন্তর্ভুক্তির কার্যক্রমেও কোনো বাধা নেই।

এর আগে, ২৪ নভেম্বর এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছিলেন, নির্বাচন সামনে রেখে ভোটার এলাকা স্থানান্তর বা মাইগ্রেশন কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ সময়ে যেসব আবেদন জমা পড়বে, সেগুলো প্রসেস করা হলেও ফল প্রকাশ করা হবে ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পর।

২৪ নভেম্বর বিকেল ৪টার আগে যেসব আবেদনের ফল তৈরি ছিল, সেগুলোর অনুমোদন আবেদনকারীরা ইতোমধ্যে পেয়ে গেছেন।