চলতি অর্থবছরের শুরুটায় রাজস্ব আদায়ে আশানুরূপ গতি দেখা যায়নি। জুলাই থেকে অক্টোবর—এই চার মাসে শুল্ক-কর আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে ১৭ হাজার কোটি টাকার বেশি।
এনবিআরের সর্বশেষ হিসাব বলছে, নির্ধারিত সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ১ লাখ ৩৬ হাজার ৬৯৭ কোটি টাকা। কিন্তু আদায় হয়েছে ১ লাখ ১৯ হাজার ৪৭৮ কোটি। ফলে ঘাটতির অঙ্ক দাঁড়িয়েছে ১৭ হাজার ২১৯ কোটি টাকা।
পুরো অর্থবছরে এনবিআরের লক্ষ্য ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। তার মধ্যে প্রথম চার মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে প্রায় সাড়ে ১৫ শতাংশ, যদিও তা লক্ষ্য পূরণের যথেষ্ট কম। গত বছর একই সময়ে আদায় ছিল ১ লাখ ৩ হাজার ৪০৭ কোটি টাকা।
সবচেয়ে বড় ধাক্কা এসেছে আয়কর খাতে। নির্ধারিত ৪৭ হাজার ৪৩ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে ৩৭ হাজার ৮৪৯ কোটি—ঘাটতি ৯ হাজার ১৯৪ কোটি।
আমদানি পর্যায়ের শুল্কেও লক্ষ্য পূরণ হয়নি। ৪১ হাজার ৫০৭ কোটি টাকার লক্ষ্য থাকলেও আদায় হয়েছে ৩৪ হাজার ৭৫১ কোটি। এই খাতে ঘাটতি দাঁড়িয়েছে ৬ হাজার ৭৫৬ কোটি টাকা।
ভ্যাট খাতেও একই চিত্র। লক্ষ্য ছিল ৪৮ হাজার ১৪৭ কোটি টাকা, আদায় হয়েছে ৪৬ হাজার ৮৭৮ কোটি—ঘাটতি ১ হাজার ২৬৯ কোটি।
এনবিআরের কর্মকর্তারা বলছেন, ব্যবসা-বাণিজ্যের মন্থর অবস্থা রাজস্ব আদায়ে সরাসরি প্রভাব ফেলেছে। তাদের আশা, অর্থবছরের শেষার্ধে কর পরিপালন জোরদার হলে ও করের আওতা বাড়ালে আদায়ের গতি কিছুটা বাড়বে।