রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন তারেক রহমান


প্রকাশ :

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ডাকটিকিট উন্মোচন করেন।

নবনিযুক্ত প্রধানমন্ত্রী হিসেবে তেজগাঁও কার্যালয়ে এটিই তার প্রথম আনুষ্ঠানিক দাফতরিক কার্যক্রম। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর সরকারপ্রধানের সরাসরি উপস্থিতিতে এই কার্যালয়ে প্রশাসনিক কার্যক্রম পূর্ণমাত্রায় শুরু হলো।

সকাল ১০টা ১০ মিনিটে কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ সময় কার্যালয়ে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, অনেক পুরোনো কর্মকর্তাকে নাম ধরে ডেকে খোঁজখবর নেওয়ায় একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

দাফতরিক কার্যক্রম শুরুর আগে প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন। পরে তিনি দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী দেশের মানুষের সেবায় নিজেকে নিবেদিত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

স্মারক ডাকটিকিট অবমুক্তির পর তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাফতরিক কার্যক্রম শুরু করার এই উদ্যোগকে সংশ্লিষ্টরা তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন।

প্রধানমন্ত্রীর এ কার্যক্রমের মধ্য দিয়ে তেজগাঁও কার্যালয়ে নতুন কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।