আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকার। সিঙ্গাপুর থেকে এই কার্গো আনতে ব্যয় হবে ৪৮৯ কোটি ৮৮ লাখ ১২ হাজার ২৬২ টাকা।
মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ। সেখানে এলএনজি আমদানির প্রত্যাশাগত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রের তথ্য অনুযায়ী, পেট্রোবাংলার জন্য এক কার্গো এলএনজি কেনার উদ্দেশ্যে এমএসপিএ (মাস্টার সেল অ্যান্ড পার্সেস এগ্রিমেন্ট) স্বাক্ষরকারী মোট ২৪টি প্রতিষ্ঠানকে দরপত্র আহ্বান করা হয়েছিল। সেখান থেকে ৪টি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়।
এগুলোর মধ্যে সর্বনিম্ন দর দেয় সিঙ্গাপুরের বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটি প্রতি এমএমবিটিইউ ১১.৬৪ মার্কিন ডলার দরে এলএনজি সরবরাহের প্রস্তাব দেয়। এই হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ সমপরিমাণ এক কার্গো এলএনজি আমদানিতে মোট ব্যয় দাঁড়াবে ৪৮৯ কোটি ৮৮ লাখ ১২ হাজার ২৬২ টাকা।