রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

এনসিপির মনোনয়নপত্র বিক্রি সহস্র ছুঁইছুঁই, সময় বাড়ল আরও সাত দিন


প্রকাশ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী যাচাই-বাছাই প্রক্রিয়ায় মনোনয়নপত্র বিক্রি জোরদার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত আট দিনে দলটি বিক্রি করেছে ১ হাজার ১১টি মনোনয়নপত্র। নির্ধারিত সময় শেষ হলেও আগ্রহ বিবেচনায় বিক্রির সময় আরও সাত দিন বাড়িয়ে ২০ নভেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছে দলটি।

শুক্রবার রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মুখ্য সমন্বয়ক এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী এই তথ্য তুলে ধরেন।

নাসীরুদ্দীন বলেন, দলটির লক্ষ্য তিন হাজার মনোনয়নপত্র বিতরণ করা। তাঁর ভাষায়, আগামী কয়েক দিনের মধ্যেই এ লক্ষ্য পূরণে তারা আশাবাদী। চিকিৎসক, আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণ বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।

মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের দ্বিতীয় তলা থেকে এবং অনলাইনেও।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদেরও মনোনয়ন নেওয়ার আমন্ত্রণ জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, সাংবাদিকদের দীর্ঘদিনের দাবি এখনো বাস্তবায়ন হয়নি। নিজেদের অধিকার নিয়ে সংসদে কথা বলার সুযোগ তৈরি করতে চাইলে মনোনয়ন নিতে পারেন।

তিনি আরও জানান, সৎ ও দক্ষ মানুষদের রাজনীতিতে আনার লক্ষ্যেই এনসিপির এই উদ্যোগ। তাঁর মতে, ‘গডফাদার বা সন্ত্রাসীদের নয়, ভালো মানুষদের সংসদে পাঠাতে চায় দলটি।’

এনসিপি ৬ নভেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করে। নিয়মিত মূল্য ১০ হাজার টাকা হলেও জুলাই যোদ্ধা ও স্বল্প আয়ের মানুষের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।