রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে হত্যা, স্ত্রী আশঙ্কাজনক


প্রকাশ :

রাজশাহীতে এক ভয়াবহ ঘটনায় মহানগর দায়রা জজ (জেলা জজ) আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৮) বাসায় ঢুকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলায় বিচারকের স্ত্রী তাসমিন নাহারও গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজশাহী মহানগরীর তেরখাদিয়া ডাবতলা এলাকায় এ নৃশংস হামলার ঘটনা ঘটে। আহত তাসমিন নাহারকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামেক হাসপাতালের মুখপাত্র ডাক্তার শংকর কুমার বিশ্বাস জানান, আহত তাসমিন নাহারের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং তার ওপর জরুরি অস্ত্রোপচার চলছে। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একজন সন্দেহভাজন হামলাকারীকে আটক করে পুলিশ হাসপাতালে ভর্তি করেছে।

রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, আহত অবস্থায় আটক দুর্বৃত্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষ হলে হামলার কারণ ও পেছনের প্রকৃত ঘটনা পরিষ্কার হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিচারক আবদুর রহমানের গ্রামের বাড়ি জামালপুরে। তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে রাজশাহী নগরীর তেরখাদিয়া ডাবতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। নিহত তাওসিফ রহমান সুমন স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।