রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের রায় সোমবার


প্রকাশ :

জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আগামী সোমবার (১৭ নভেম্বর)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই দিন ঠিক করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।

এ মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল-মামুন।

প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, “আমরা আশা করছি রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড হবে। তবে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি মামুনের বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবেন।”

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশে-বিদেশে বিভিন্নভাবে বিচারকে প্রশ্নবিদ্ধ ও বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। “তবুও বিচারকাজ স্বচ্ছভাবে এবং নিজস্ব গতিতে এগিয়ে চলছে,” বলেন তিনি।

গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর (৫ আগস্ট ২০২৪) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। এর পর জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে প্রথম আসামি করে এই মামলা দায়ের হয়।

২০২৪ সালের ১৭ অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম শুনানি অনুষ্ঠিত হয় এবং শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরে চলতি বছরের ১৬ মার্চ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে সহআসামি হিসেবে যুক্ত করা হয়।

মামলায় মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে আন্দোলনকারীদের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ, মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ, এবং নিরীহ নাগরিকদের ওপর সহিংস আক্রমণ। তদন্ত প্রতিবেদন ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার, যেখানে দালিলিক প্রমাণ, জব্দতালিকা ও শহীদদের তালিকা অন্তর্ভুক্ত।

১ জুন প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করলে আদালত তা আমলে নেয়। এরপর ১০ জুলাই তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

পরে সাবেক আইজিপি মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী হন এবং আদালতে গুরুত্বপূর্ণ সাক্ষ্য দেন।

গত ২৩ অক্টোবর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন তাদের খালাস প্রার্থনা করেন।

এর পর ট্রাইব্যুনাল জানায়, রায়ের তারিখ ১৩ নভেম্বর ঘোষণা করা হবে, যা এখন নির্ধারিত হয়েছে আগামী ১৭ নভেম্বর।