গত অক্টোবর মাসে সারাদেশে ৪৬৯টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৬৯ জন, আহত হয়েছেন ১ হাজার ২৮০ জন। বুধবার (১২ নভেম্বর) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সংগঠনটির প্রতিবেদন অনুযায়ী, জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার খবর বিশ্লেষণ করে দেখা যায়— সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে অক্টোবর মাসে মোট ৫৩২টি দুর্ঘটনা ঘটেছে। এতে ৫২৮ জন নিহত এবং ১ হাজার ৩১০ জন আহত হয়েছেন।
সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, যেখানে ১২৬টি ঘটনায় ১৩০ জন নিহত ও ৩৪৩ জন আহত হন। অপরদিকে, সবচেয়ে কম দুর্ঘটনা রেকর্ড হয়েছে ময়মনসিংহ বিভাগে।
প্রতিবেদনে আরও বলা হয়, ১৭০টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত ও ১৩৭ জন আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার প্রায় ৩৬ শতাংশ। নিহতদের মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, চালক, শিক্ষার্থী, নারী ও শিশু।
দুর্ঘটনার মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে— সড়কের গর্ত, ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক, উল্টোপথে যান চলাচল এবং রোড ডিভাইডারের অভাব।
যাত্রী কল্যাণ সমিতি দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক মেরামত, দক্ষ চালক তৈরির উদ্যোগ, যথাযথ রোড সাইন স্থাপন এবং সড়ক পরিবহন আইন কঠোরভাবে বাস্তবায়নের সুপারিশ করেছে।