রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, রাজধানীতে ১২ প্লাটুন এবং ঢাকার বাইরে আরও ২ প্লাটুনসহ মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মোতায়েন কার্যক্রম অব্যাহত থাকবে।
সকাল থেকেই রাজধানীর হাইকোর্ট এলাকা, বাংলা একাডেমি, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবি সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। পাশাপাশি পুলিশ ও র্যাবও রাজধানীর প্রধান সড়কগুলোতে কড়া টহলে রয়েছে।
আগামীকাল (১৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হবে। এ উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। সম্ভাব্য নাশকতা বা সহিংসতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, “১৩ নভেম্বর ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। কোনো ধরনের সন্ত্রাসী বা নাশকতামূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না।”
তিনি জানান, সম্প্রতি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। কারণ, এসব তেল ব্যবহার করেই অনেক সময় অগ্নিকাণ্ড ঘটানো হয়।
গোয়েন্দা সংস্থার তৎপরতা নিয়ে তিনি বলেন, “কোনো ব্যর্থতা নেই। বিচ্ছিন্নভাবে কিছু আগুন বা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে সব বাহিনী সতর্ক অবস্থানে আছে।”
এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, মেট্রোরেল, রেলওয়ে স্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের বলেন, “ঢাকাবাসী আতঙ্কিত হবেন না। পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও অন্যান্য বাহিনী মাঠে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।”
তিনি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না।”