বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর বলেছেন, একটি জাতি কখনো মিথ্যা ও বানোয়াট তথ্যের ওপর দাঁড়াতে পারে না। ৭১ সালে কতজন মানুষকে পাকহানাদার বাহিনী হত্যা করেছিল-এটা কোনো মুখস্থবিদ্যা নয়।
মুখে বলে দিলেন ৩০ লাখ বা ৫০ লাখ। কতজন মানুষ গণযুদ্ধের শিকার হয়েছিল-কতজন মা-বোন ইজ্জত দিয়েছিল, কতটি ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছিল-তার হিসাব কি আমরা জানি না? আমরা বলার পরিবেশটা পাইনি, বলার সুযোগটা পাইনি। আমরা যদি মুক্তিযোদ্ধা সংসদে থাকি, তা হলে মুক্তিযুদ্ধের সঠিক তথ্য, জনযুদ্ধে যারা শহিদ হয়েছিলেন তাদের প্রকৃত সংখ্যাটা আমরা বের করব। তিনি আরো বলেন, "আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চাই যাতে মুক্তিযুদ্ধের আদর্শ চিরজীবী থাকে।
দিনাজপুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৮ নভেম্বর দুপুরে মুক্তিযোদ্ধা সমাবেশ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় সংসদ কমান্ড কাউন্সিলের নবগঠিত কমিটির সংবর্ধনা উপলক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়।
দিনাজপুর জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক মোকসেদ আলী মঙ্গলিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, মুক্তিযোদ্ধা মনসুর আলী সরকার প্রমুখ।
বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা জাতির গর্ব, তাদের সম্মান ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। এই উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।