রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

ইসির নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: সরাইলের অফিস সহকারী সাময়িক বরখাস্ত


প্রকাশ :

নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে চলমান কর্মচারী নিয়োগ পরীক্ষায় অনৈতিকভাবে সুবিধা দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) সচিবালয় থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

বরখাস্ত হওয়া কর্মচারীর নাম মো. আবু সুফিয়ান মোল্লা। তিনি সরাইল উপজেলা নির্বাচন অফিসে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত ছিলেন।

অভিযোগে বলা হয়েছে, আবু সুফিয়ান নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, প্রতারণা এবং অর্থ লেনদেনের মাধ্যমে এক পরীক্ষার্থীকে অবৈধ সুবিধা দিয়েছেন। এ ঘটনায় বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়, অপরাধের প্রকৃতি ও মাত্রা বিবেচনায় জনস্বার্থে তাকে সরকারি কর্ম থেকে সাময়িকভাবে বিরত রাখা প্রয়োজন বলে কর্তৃপক্ষ মনে করেছে।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী তাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত থাকাকালীন তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরপোষ ভাতা ও অন্যান্য আইনানুগ সুবিধা পাবেন।

আদেশে আরও বলা হয়, এটি জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। এতে যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ) ডি. এম. আতিকুর রহমান স্বাক্ষর করেছেন।