রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

‘জাতি হিসেবে আমরা অসহিষ্ণু হয়ে গেছি, প্রতিরোধের বদলে ভিডিও করি’


প্রকাশ :

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা জাতি হিসেবে খুব অসহিষ্ণু হয়ে গেছি। আমাদের এখন কোনো ধৈর্য নেই।

তিনি বলেন, আগে সমাজে কোনো খারাপ কাজ ঘটলে লোকজন ঝাঁপিয়ে পড়তো সেটা প্রতিহত করার জন্য। কিন্তু আজকাল সেটা খুব কমে গেছে। এখন সবাই ভিডিও করে।  

রোববার ( ১০ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সরকারি কোর কমিটির বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, গাজীপুরে যা ঘটেছে তা ক্ষতিপূরণ যোগ্য নয়। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গাজীপুরের ঘটনায় যারা জড়িত তাদের অধিকাংশকে ইতোমধ্যেই আইনের আওতায় আনা হয়েছে। সবাইকে শাস্তি দিতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। চার্জশিট যত দ্রুত সম্ভব দেওয়া হবে। 

জাহাঙ্গীর আলম বলেন, ‘জাতি হিসেবে অসহিষ্ণু হয়ে গেছি আমরা। আগে আমরা কোন ঘটনা ঘটলে প্রতিরোধ করতাম। কিন্তু এখন ভিডিও করতে ব্যস্ত থাকি। মোবাইল ছুড়ে মারলেও তো হয়। পাবলিক চার্টার আইন আছে, সে অনুযায়ী জনগণকে সচেতন করতে হবে। যাতে এ ধরনের ঘটনায় প্রতিরোধ করতে পারে। কেননা সব জায়গায় পুলিশ তো দেওয়া সম্ভব না।’

আগামী জাতীয় নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়ে যারা অংশগ্রহণ করবে তাদের ওপর নির্ভর করবে। নির্বাচনের সময় ইসির অধীনে থাকবে মন্ত্রণালয়। আশা করি, নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচন কেন্দ্রিক অস্থিতিশীলতার শঙ্কা নেই।’

নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের নিরাপত্তা বাড়ানো হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘প্রিজাইডিং অফিসারদের বাড়তি গানম্যান দেওয়া হবে। আগে দুজন থাকত, এবার তিনজন থাকবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নিউমার্কেটে যেসব অস্ত্র পাওয়া গেছে, তা দেশীয়। এজন্য যারা বিক্রি করে তাদের সতর্ক থাকতে হবে।’