রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

জুলাই সনদের দাবিতে দ্বিতীয় দিনেও শাহবাগ অবরুদ্ধ, জনজীবনে দুর্ভোগ


প্রকাশ :

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ‘জুলাই যোদ্ধারা’। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এ অবরোধ কর্মসূচি শুক্রবার (১ আগস্ট) বিকেল পর্যন্ত চলমান রয়েছে।

‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্ম এই কর্মসূচির আয়োজন করে। আন্দোলনকারীরা বলছেন, সরকার বারবার আশ্বাস দিলেও এখনো জুলাই সনদের বাস্তবায়নে কোনো অগ্রগতি হয়নি। তাই বাধ্য হয়েই তারা আবারও রাজপথে নেমেছেন।

বৃষ্টির মধ্যেও শাহবাগ মোড়ে শত শত আন্দোলনকারী অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে শাহবাগ, কাটাবন, ইন্টারকন্টিনেন্টাল, মৎস্য ভবন ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, অবরোধকারীরা বৃহস্পতিবার রাতভর শাহবাগে অবস্থান করেছেন এবং শুক্রবার দুপুর পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

অবরোধে ক্ষোভ প্রকাশ করেছেন পথচারী ও যানবাহন চালকরা। একজন রাইড শেয়ার চালক বলেন, “প্রতিদিন এই অবরোধে ঘণ্টার পর ঘণ্টা জ্যামে বসে থাকতে হয়। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক চাপও বাড়ছে।”

আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবির মধ্যে রয়েছে—জুলাই শহীদ ও যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহত ও শহীদ পরিবারের জন্য আজীবন সম্মান ও ভাতা, চিকিৎসা, শিক্ষা, পুনর্বাসন ও কল্যাণ নিশ্চিত করা, এবং নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করার জন্য ‘সত্য ও ন্যায় কমিশন’ গঠন।

‘জুলাই যোদ্ধা সংসদ’-এর মুখ্য সংগঠক মাসুদ রানা বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না।