রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

গঙ্গাচড়ায় হিন্দু পল্লীতে হামলায় গ্রেফতার পাঁচজন দুই দিনের রিমান্ডে


প্রকাশ :

রংপুরে ঙ্গাচড়ার আলদাদপুর ছয়আনি বালাপাড়া হিন্দু পল্লীতে হামলা, ভাংচুর ও লুটপাটের মামলায় গ্রেফতার পাঁচ জনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে রিমান্ড আবেদনের শুনানীতে গঙ্গাচড়া আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৃষ্ণ কমল রায় এ আদেশ দেন।

 বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে মামলার শুনানিতে গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা আল এমরান আসামিদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কৃষ্ণ কমল রায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার (৩০ জুলাই) বিকেলে গ্রেফতার পাঁচ আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা আল এমরান। আদালত বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন এবং তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন কোর্ট ইনচার্জ আমিনুল ইসলাম।

হিন্দু পল্লিতে হামলার ঘটনায় যৌথবাহিনীর হাতে গ্রেফতার ব্যক্তিরা হলেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সিংগেরগাড়ি মাঝাপাড়া গ্রামের ইয়াছিন আলী (২৫), মাগুড়া শ্রীপাড়ার স্বাধীন মিয়া (২৮), দক্ষিণ চাঁদখানা মায়াপাড়ার আশরাফুল ইসলাম (২৮), উত্তর সিংগেরগাড়ি পাঠানপাড়ার এস এম আতিকুর রহমান খান আতিক (২৮) ও দক্ষিণ সিংগেরগাড়ি চওড়াপাড়ার সাদ্দাম হোসেন সেলিম (২২)।

গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা আল এমরান জানান,শনিবার (২৬ জুলাই) ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগে গঙ্গাচড়ার আলদাদপুর ছয়আনি বালাপাড়া এলাকার এক হিন্দু কিশোরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতেই ওই কিশোরের এক আত্মীয়ের বাড়িতে হামলা চালানো হয়।গত রোববার (২৭ জুলাই) সাইবার সুরক্ষা আইনে করা মামলায় কিশোরকে আদালতে হাজির করে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পাশের সীমানা জেলা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সিংগেরগাড়ি, মাগুড়া ও বাংলাবাজার এলাকা থেকে দফায় দফায় লোকজন মিছিল নিয়ে এসে হামলা চালায়। পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। এতে এক পুলিশ সদস্য আহত হন এবং হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। এ ঘটনায় এক ভুক্তভোগী রবীন্দ্রনাথ বাদী হয়ে গঙ্গাচড়া থানায় গত মঙ্গলবার রাতে অজ্ঞাতনামা ১২০০ জনকে আসামি করে মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী পলাশ কান্তি নাগ বলেন, গঙ্গাচড়ার হিন্দু পল্লিতে হামলার ঘটনায় গ্রেফতার পাঁচ আসামিকে আদালতে তোলা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।