রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

মাথায় হাত বুলিয়ে, ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে’ — অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ


প্রকাশ :

‘ভালো প্রতিষ্ঠান নেই বললেই চলে। আইনের ব্যত্যয় তো হয়েছেই, প্রক্রিয়াগুলো ধ্বংস করা হয়েছে। মানুষগুলো রয়ে গেছে, পরিবর্তন হয়নি। তাই মাথায় হাত বুলিয়ে, ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে।’

এভাবেই দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক দুরবস্থার চিত্র তুলে ধরলেন সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বর্তমান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক বই প্রকাশনা ও আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান রচিত ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, “সুশাসন প্রতিষ্ঠা খুব কঠিন। কারণ, প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যদের কার্যকর ‘চেক অ্যান্ড ব্যালেন্স’ নেই। সিস্টেমে সংস্কার না হলে যত সংস্কারই করা হোক, ফল মিলবে না। শুধু সরকার নয়, রাজনৈতিক দলগুলোর ভেতরেও বড় ধরনের সংস্কার দরকার।”

তিনি আরও বলেন, “গত বছরের আগস্টে যখন এই সরকার দায়িত্ব নেয়, তখন অর্থনৈতিক অস্থিরতা এতটাই প্রকট ছিল যে এমন পরিস্থিতি বিশ্বের আর কোথাও ছিল না। ব্যাংক খাতের ৮০ শতাংশ অর্থ ইতোমধ্যে চলে গেছে।”

ড. সালেহউদ্দিন আরও জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে— বাংলাদেশের ব্যাংক খাত পুনর্গঠনের জন্য প্রয়োজন হবে ৩৫ বিলিয়ন ডলার। যদিও শুরুতে তারা ১৮ বিলিয়ন ডলারের কথা বলেছিল। বিষয়টি থেকেই বোঝা যায়, কতটা বিপর্যয়ের মধ্যে আছে দেশের আর্থিক খাত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক , অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান।