লালমনিরহাটে শ্রমিকলীগ নেতা আশরাফুল ইসলাম বুলেট হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা আমিনুল খান সহ তিনজনের যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদন্ড এবং অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদন্ডের রায় দিয়েছে আদালত। বুধবার (১৬ অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আদিব আলী এ রায় দেন।
আদালত সূত্রে জানাযায়, ২০১৫ সালের ২৮ জুন লালমনিরহাটের মহেন্দ্রনগরে সার গোডাউনে টেন্ডার ড্রপকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে মহেন্দ্রনগর ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বুলেট নামের একজন হত্যার শিকার হয়। এ সময় বুলেটকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় ১১ জনকে আসামী করে নিহত বুলেটের পিতা এনামুল মাস্টার লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দিলে আদালত মামলার দীর্ঘ শুনানি শেষে আজ আওয়ামী লীগ নেতা আমিনুল খান, বিপুল খান, মজিদুল খান নামের তিনজনের যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার করে টাকা অর্থদন্ডের আদেশ দেয়। রায়ে বাকি আসামীদের খালাস দেয় আদালত।
আশরাফুল ইসলাম বুলেট হত্যা মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, আদালত দীর্ঘ শুনানি শেষে বুলেট হত্যা মামলার রায় দিয়েছেন। রায় ঘোষনার সময় হাজতে থাকা খালাসপ্রাপ্ত তিনজন আসামী আদালতে উপস্থিত ছিলেন। আর যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত তিনজন আসামী পলাতক রয়েছে।