রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

২০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন: রাজনৈতিক অস্থিরতায় প্রকল্পের অগ্রগতি বাধাগ্রস্ত


প্রকাশ :

বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে গত ২০ বছরের মধ্যে সবচেয়ে বাজে চিত্র উঠে এসেছে। সরকার সংশোধিত এডিপির আওতায় ব্যয় করতে পেরেছে মাত্র ৬৭ দশমিক ৮৫ শতাংশ অর্থ।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য অনুযায়ী, ২০০৪-০৫ অর্থবছর থেকে এ পর্যন্ত কখনও এত কম হারে এডিপি বাস্তবায়নের নজির নেই।

বুধবার আইএমইডির ওয়েবসাইটে প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, বিদায়ী বছরে ২ লাখ ২৬ হাজার ১৬৫ কোটি টাকার সংশোধিত এডিপির বিপরীতে ব্যয় হয়েছে মাত্র ১ লাখ ৫২ হাজার ৪৫০ কোটি টাকা। অর্থাৎ প্রায় ৫২ হাজার কোটি টাকা কম ব্যয় হয়েছে আগের বছরের তুলনায়।

রাজনৈতিক অনিশ্চয়তা বড় কারণ

পরিকল্পনা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, বছরজুড়ে রাজনৈতিক অস্থিরতা, ছাত্র-জনতার আন্দোলন, কারফিউ এবং প্রশাসনিক অচলাবস্থার কারণে অনেক প্রকল্পেই কাজ স্থবির হয়ে পড়ে। এমনকি প্রকল্প পরিচালকদের অনেকে দায়িত্ব থেকে সরে যান বা যোগাযোগের বাইরে চলে যান। ঠিকাদাররাও অনেক জায়গায় দায়িত্ব পালন না করে গা-ঢাকা দেন। ফলে বরাদ্দকৃত অর্থ খরচ সম্ভব হয়নি।

স্বাস্থ্য খাতে নজিরবিহীন দুর্বলতা

এডিপি বাস্তবায়নে সবচেয়ে দুর্বল পারফরম্যান্স দেখিয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। বরাদ্দ পাওয়া ২ হাজার ২৮৩ কোটি টাকার বিপরীতে তারা খরচ করেছে মাত্র ৩৫০ কোটি টাকা, যা বাস্তবায়নের হার মাত্র ১৫ শতাংশ।

নাজুক অবস্থানে রয়েছে আরও কয়েকটি বিভাগ ও সংস্থা:

  • স্বাস্থ্যসেবা বিভাগ – ২১ শতাংশ
  • নির্বাচন কমিশন সচিবালয় – ৩২ শতাংশ
  • বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) – ৩৭ শতাংশ
  • ভূমি মন্ত্রণালয় – ৩৭ শতাংশ

উজ্জ্বল দৃষ্টান্ত বিদ্যুৎ বিভাগ

সবচেয়ে ভালো পারফরম্যান্স করেছে বিদ্যুৎ বিভাগ। তারা বরাদ্দ পাওয়া অর্থের ৯৮ শতাংশ সঠিকভাবে ব্যয় করেছে, যা অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগগুলোর জন্য অনুকরণীয় উদাহরণ।

এডিপি বাস্তবায়নের ধারাবাহিকতা ভেঙে পড়েছে, গত দুই দশকে সংশোধিত এডিপির গড় বাস্তবায়ন হার সাধারণত ৮০ থেকে ৯৮ শতাংশের মধ্যে ছিল। কিন্তু চলতি বছরের বাস্তবায়ন হার সে ধারাবাহিকতা থেকে অনেক দূরে। সংশ্লিষ্টরা বলছেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জরুরি ভিত্তিতে রাজনৈতিক স্থিতিশীলতা, প্রশাসনিক দক্ষতা এবং কার্যকর তদারকি নিশ্চিত করতে হবে।