রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট


প্রকাশ :

দুর্গম পাহাড়ি অঞ্চল, নদীভাঙা চর কিংবা সীমান্তবর্তী ব্রডব্যান্ড-বঞ্চিত জনপদ—এসব জায়গায় ইন্টারনেট সংযোগ পৌঁছে দিতে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’। এতে দেশের ডিজিটাল সংযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হলো।

শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বোর্ডরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সেবার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সংবাদ সম্মেলনে স্টারলিংকের যাত্রা শুরুর খবর জানান।

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র থেকে আগত স্টারলিংকের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলও অংশ নেয়। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার এবং আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক পরিচালক রিচার্ড গ্রিফিথস।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রত্যক্ষ নির্দেশনা ও উদ্যোগে বাংলাদেশে স্টারলিংকের কার্যক্রম শুরু হয়েছে। এটি শুধু একটি প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং দেশের ডিজিটাল অবকাঠামোকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

প্রায় তিন মাস ধরে পরীক্ষামূলক সম্প্রচার শেষে স্টারলিংক এখন পূর্ণাঙ্গভাবে সেবা দেওয়া শুরু করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে ‘স্যাটেলাইট অপারেটর লাইসেন্স’ এবং ‘রেডিও কমিউনিকেশন অ্যাপারেটার্স লাইসেন্স’ অর্জন করেছে, যার মেয়াদ ১০ বছর।

স্টারলিংকের সেবা গ্রহণ করতে হলে গ্রাহকদের প্রাথমিকভাবে ৪২ হাজার টাকায় একটি সেটআপ কিট কিনতে হবে, যাতে স্যাটেলাইট রিসিভার ডিস, রাউটার, পাওয়ার সাপ্লাইসহ প্রয়োজনীয় যন্ত্রাংশ থাকবে। এরপর মাসিক ভিত্তিতে গ্রাহকরা দুটি প্যাকেজের মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারবেন।

ঘোষিত প্যাকেজ দুটি হলো— স্টারলিংক রেসিডেন্সিয়াল ও স্টারলিংক লাইট।

রেসিডেন্সিয়াল প্যাকেজের মাসিক খরচ ৬ হাজার টাকা, যেখানে সর্বোচ্চ ৩০০ এমবিপিএস গতির আনলিমিটেড ইন্টারনেট পাওয়া যাবে।

স্টারলিংক লাইট প্যাকেজের মূল্য ৪ হাজার ২০০ টাকা, যা অপেক্ষাকৃত কম দামে নিরবিচ্ছিন্ন সংযোগ প্রদান করবে।