লালমনিরহাটের হাতীবান্ধায় সেনা কর্মকর্তা পরিচয়ে জমি দখলের প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায়ের চেষ্টা করার সময় দুই ভুয়া মেজরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটে মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলার বড়খাতা ফেডারেশন এলাকায়।
আটককৃতরা হলেন রংপুরের তারাগঞ্জ উপজেলার মৃত জয়নাল আবেদীনের ছেলে মাসুম হোসেন (৪২) ও রংপুর হাজীর হাট এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে সাজু আহমেদ (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই দুই ব্যক্তি নিজেদের সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে বড়খাতা এলাকার রফিকুল ইসলামের জমি উদ্ধারের নামে টাকা দাবি করেন। একপর্যায়ে অবসরপ্রাপ্ত সেনাসদস্য এস এম রাশেদ ইকবালের সন্দেহ হলে তিনি তাদের জিজ্ঞাসাবাদ করেন। কোনো ধরনের বৈধ পরিচয়পত্র দেখাতে না পারায় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে হাতীবান্ধা থানা পুলিশ গিয়ে দু’জনকে আটক করে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, “আমি ও আমার ভাই মিলে জহুরুল হকের কাছ থেকে একটি জমি কিনেছিলাম। পরে তিনি সেই জমি আবার অন্য একজনের (নূর ইসলাম) নামে বিক্রি করে দেন। আমি বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। তখন স্থানীয় নইমুদ্দিনের ছেলে শহীদার আমাকে দুই ‘মেজরের’ কাছে নিয়ে যায়। তারা জমি উদ্ধার করে দেওয়ার কথা বলে এক লাখ টাকা দাবি করেন। আমি ৫০ হাজার টাকায় রাজি হই এবং ২০ হাজার টাকা তাদের দিই। আজ তারা জমি বুঝিয়ে দিতে এলে তাদের আচরণে সন্দেহ হয়। তখনই আমরা তাদের আটক করি।”
অবসরপ্রাপ্ত সেনা সদস্য এস এম রাশেদ ইকবাল বলেন, “তাদের কথাবার্তা ও চালচলনে সন্দেহ হলে আমি পরিচয়পত্র দেখতে চাই। তারা তা দেখাতে ব্যর্থ হলে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিই।”
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, “তারা নিজেদের মেজর দাবি করলেও কোনো প্রকার বৈধ পরিচয়পত্র দেখাতে পারেনি। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”