রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হলে কঠোর ব্যবস্থা: ধর্ম উপদেষ্টা


প্রকাশ :

কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘‘সে যে ধর্মেরই অনুসারী হোক না কেন, কাউকেই কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।’’

বুধবার (২ জুলাই) দুপুরে কক্সবাজার জামিয়াতুল ইমাম মুসলিম (রহ.)-এর ক্যাম্পাসে ‘আরবি ভাষা ও ইসলামী সংস্কৃতি’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, আলেমদের আগামী দিনে জাতির নেতৃত্ব দিতে হবে। হিংসা, বিদ্বেষ ও ঘৃণার পথ পরিহার করে সবাইকে অন্তর বড় করতে হবে। নিজেদের মধ্যেই যদি বিভেদ তৈরি হয়, তাহলে বাংলাদেশে একটি ইসলামী কল্যাণরাষ্ট্র গঠনের সম্ভাবনা ব্যাহত হবে।

তিনি জানান, কক্সবাজারে মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের পাশাপাশি ৭১টি মন্দিরে শিশুদের জন্য শিক্ষাদান কার্যক্রমও চলমান রয়েছে, যা সরকারের আন্তধর্মীয় সম্প্রীতির প্রতিচ্ছবি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়াতুল ইমাম মুসলিম (রহ.)-এর প্রতিষ্ঠাতা পরিচালক সালাহুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন, “আলেম-ওলামাদের কেবল ধর্মীয় জ্ঞান নয়, যুগের সঙ্গে তাল মিলিয়ে বিশ্বকে জানার প্রচেষ্টা চালাতে হবে। বাংলা, আরবি ছাড়াও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের প্রতি গুরুত্ব দিতে হবে।”

তিনি আরও বলেন, “মানবসেবায় অর্থ নয়, সবচেয়ে জরুরি হচ্ছে আন্তরিক মনোভাব। শুধুমাত্র নীতিবাক্য দিয়ে সমাজ বদলানো যাবে না। দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে, দুর্যোগে সহায়তার হাত বাড়াতে হবে। সমাজ ও দেশ বদলাতে চাইলে উম্মাহর উপকারে আসবে—এমন শত সহস্র কাজ করতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামি স্কলার, মদিনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক ড. যায়েদ বিন মুহাম্মদ, সৌদি প্রশিক্ষক ড. বরিক বিন মুহাম্মদ, ড. সাউদ বিন আবদুল আজিজ এবং ড. মনছুর বিন আবদুল আজিজ

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন জামিয়ার শায়খুল হাদিস আবদুল গফুর নদিম। সমাপনী বক্তব্য দেন চট্টগ্রামের জামিয়াতুন নুর আল আলামিয়া মাদরাসার পরিচালক আল্লামা ওবাইদুল্লাহ হামযা

জামিয়াতুল ইমাম মুসলিম (রহ.)-এর সার্বিক সহযোগিতায় ও ঢাকাস্থ সৌদি দূতাবাসের তত্ত্বাবধানে আয়োজিত এই সপ্তাহব্যাপী কর্মশালায় শিক্ষক ও শিক্ষার্থীরা আরবি ভাষা ও ইসলামি সংস্কৃতি বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন।

গত রোববার বিকেলে সৌদি অতিথিরা কক্সবাজার জামিয়ার প্রাঙ্গণে পৌঁছালে তাদের আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়।

এর আগে সকালে ধর্ম উপদেষ্টা কক্সবাজার সার্কিট হাউসে সরকারি যাকাত ফান্ড থেকে কেন্দ্রীয়ভাবে অনুমোদিত যাকাত অনুদানের চেক বিতরণ করেন। দুপুর ১২টার দিকে তিনি কক্সবাজার শহরের কৃষ্ণানন্দধাম মন্দিরে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ষষ্ঠ পর্যায়ের একটি কেন্দ্র পরিদর্শন করেন।