রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

তিন জাতীয় নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি গঠন


প্রকাশ :

গত তিনটি জাতীয় সংসদ নির্বাচন—২০১৪, ২০১৮ ও ২০২৪—কে কেন্দ্র করে সংঘটিত অনিয়ম, দুর্নীতি এবং প্রশাসনিক অপব্যবহারের অভিযোগ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। একইসঙ্গে, ভবিষ্যতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের দায়িত্বও দেওয়া হয়েছে এই কমিটিকে।

বৃহস্পতিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসনাইন

কমিটির সদস্যরা হলেন:

  • সাবেক অতিরিক্ত সচিব শামীম আল মামুন,

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক (সুপণ),

  • জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসাইন,

  • নির্বাচন বিশেষজ্ঞ ড. মো. আব্দুল আলীম

প্রজ্ঞাপনে বলা হয়, বিগত তিনটি জাতীয় নির্বাচনে দেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে একটি সাজানো নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগকে বিজয়ী করার অভিযোগ দেশ-বিদেশে ব্যাপকভাবে আলোচিত ও সমালোচিত হয়েছে। এ সময় নানা অনিয়ম ও প্রশাসনিক অপব্যবহারের মাধ্যমে নির্বাচনের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে দাবি করা হয়।

সরকারি প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সংবিধান অনুযায়ী নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার বাধ্যবাধকতা থাকলেও সেই বাধ্যবাধকতা লঙ্ঘনের গুরুতর অভিযোগ রয়েছে বিগত নির্বাচনের আয়োজকদের বিরুদ্ধে। এতে আইনের শাসন, গণতন্ত্র এবং মৌলিক মানবাধিকার চরমভাবে বিপন্ন হয়েছে।

এই বাস্তবতায়, ভবিষ্যতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, গণতন্ত্রকে টিকিয়ে রাখা এবং কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে সংঘটিত অনিয়ম, দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ড তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই লক্ষ্যে গঠিত হয়েছে এই ‘তদন্ত ও সুপারিশ প্রণয়ন কমিটি’

কমিটি তাদের অনুসন্ধান শেষে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আকারে সরকারকে সুপারিশ পেশ করবে, যা আগামী দিনের নির্বাচনী ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করে গড়ে তুলতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।