রংপুর এক্সপ্রেস ট্রেনের শৌচাগারে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (২৫ জুন) সকালে রাজধানী ঢাকার কমলাপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। আটক ধর্ষক সাইফুল ইসলাম (২৮) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বাসিন্দা। তিনি রেলওয়ের পিএ অপারেটর (টেলিকম বিভাগ) কর্মচারী। ভুক্তভোগী নারীর বাড়ি কুড়িগ্রাম জেলায়।
রংপুর রেলওয়ের স্টেশনের সুপারিনটেনডেন্ট শংকর গাঙ্গুলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে রংপুর এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে ছিল। আনুমানিক সকাল ৯টার দিকে দাঁড়িয়ে থাকা অবস্থায় রংপুর এক্সপ্রেস ট্রেনের শৌচাগারে ওই নারী যাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে ট্রেনে দায়িত্বরত রেলওয়ে পুলিশকে অভিযোগ করেন। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা রেলওয়ে কর্মচারীকে আটক করেন। আটক সাইফুল লালমনিরহাট রেলওয়ে বিভাগের কর্মচারী।
সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার মোঃ ফরহাত আহমেদ বলেন, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে রংপুর এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়েছিল। এ অবস্থায় ট্রেনের টয়লেটে একজন নারী যাত্রীকে রেলওয়ের পিএ অপারেটর সাইফুল ইসলাম ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। পরে ভুক্তভোগী ওই নারী বিষয়টি ট্রেনে দায়িত্বরত রেলওয়ে পুলিশকে জানান। এসময় দায়িত্বরত পুলিশ সদস্যরা সাইফুলকে আটক করেন। তাদের দুজনকে বগুড়ার সান্তাহার জংশন রেলওয়ে থানায় নামিয়ে নেওয়া হবে। পরের ট্রেনে তাদের ঢাকার কমলাপুরে ফেরত পাঠানো হবে। ঘটনাস্থল কমলাপুরে মামলা করা হবে।