গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার আশঙ্কাজনকভাবে ৭৫ শতাংশে পৌঁছেছে। এই সময়ে মাত্র ৪ জনের নমুনা পরীক্ষা করা হলেও, তাদের মধ্যে ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। শনিবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন শনাক্ত হওয়া তিনজনই ঢাকার বাসিন্দা। এদিন মোট ৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার অনুযায়ী যা একদিনের হিসাবে তুলনামূলকভাবে অত্যন্ত উচ্চ। এ নিয়ে দেশে মোট করোনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ২৩৭টি। এদিকে, একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৬ জন। এখন পর্যন্ত মোট ২০ লাখ ১৯ হাজার ৩৬৩ জন করোনা ভাইরাস থেকে সেরে উঠেছেন।
তবে দীর্ঘ সময় পর গত ৫ জুন (বৃহস্পতিবার) দেশে নতুন করে একজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছিল। সর্বশেষ হিসেবে দেশে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে।