লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী রেলওয়ে স্টেশনে ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩০ মে) দুপুরে আটক করা হয়। এ ঘটনায় সন্ধ্যায় বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৪২ নম্বরের ১ নম্বর উপপিলারের নিকট বুড়িমারী স্থলবন্দর শূন্যরেখায় বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয়েছে।
বিজিবি ও স্থানীয়রা জানায়, বুড়িমারী রেলওয়ে স্টেশনের পাশে ভারতীয় নাগরিক রয়েছে। এ খবর পেয়ে পেয়ে রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) বুড়িমারী কোম্পানির সদস্যরা অভিযান চালায়। এ সময় ভারতের আসাম প্রদেশের দরং জেলার দলগাও গ্রামের মৃত নবী হোসেনের ছেলে কিসমত আলী (৬৫), একই জেলার নৌহাটি গ্রামের মৃত নুরনবী হোসেনের ছেলে রহমত আলী (৬০), একই প্রদেশের গোলাঘাট জেলার মেরাপানি ইসলামপুর গ্রামের মজিবতের ছেলে আব্দুল গফুর (৫০), একই জেলার ও গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে হাফিজা বেগম (৩৫), আমীর উদ্দিনের মেয়ে নুরেজা বেগম এবং একই জেলার জামগুড়ি গ্রামের মৃত সেলিম উদ্দিন আহমেদের ছেলে নিজাম আহমেদ।
আটকৃতরা জানায়, ভারতের আসাম প্রদেশের বিভিন্ন জেলা ও থানায় দীর্ঘদিন থেকে বসবাস করা শত শত মুসলিম নারী-পুরুষ নাগরিকদেরকে বিভিন্ন সময় আটক করে সেদেশের পুলিশ। গত ২৫ মে অবৈধ বাংলাদেশি হিসেবে তাদেরকে আটক পুলিশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নিকট হস্তান্তর করে। পরে ২৮ মে গভীর রাতে ভারতের ৭৮ ব্যাটালিয়নের সদস্যরা হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্ত দিয়ে ঠেলে বাংলাদেশে পাঠায়।
আটক কিসমত আলী বলেন, ‘আমার জন্মস্থান জায়গা নৌহাটি আসাম। আমার আই কার্ড (ভোটার পরিচয়পত্র), প্যান কার্ড, আধার কার্ড সব আছে। বাড়ি-ঘর সব আছে। তথাপিও আমাকে বাংলাদেশি বানানো হয়েছে। দুই বছর জেল খেটেছি। আসামের মুসলমানদেরকে যে কত কষ্ট দেওয়া হচ্ছে তার হিসেব নাই।’
রহমত আলী (৬০) বলেন, ‘ভারতীয় হিসেবে আমাদের সকল পরিচয় কার্ড আছে। তারপরেও অনেক নির্যাতন করা হচ্ছে। রাতে জোড় করে বিএসএফ সীমান্তের গেট দিয়ে পার করে দিয়ে বলেছে পিছনে আসলে গুলি করবো। আমরা ভয়ে হাঁটতে হাঁটতে বাংলাদেশে ঢুকেছি।’
এ ব্যাপারে বুড়িমারী বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কাশেম বলেন, ‘ভারতীয়দের পুশ ইন করা হয়েছে। এ ঘটনায় বুড়িমারী স্থলবন্দর শূন্যরেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয়েছে। আমরা আটক ভারতীয়দের সকল ডকুমেন্ট সংগ্রহ করে বিএসএফকে দিয়েছি। তাঁরা বলেছে ভারতীয় পুলিশের মাধ্যমে তথ্য নিয়ে শনিবার (৩১ মে) সকালে জানাবে। যদি ভারতীয় হয় তাহলে ফেরত নিবে।’