লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলার ভোটমারি সরকারি খাদ্য গোডাউন থেকে খোওয়া যাওয়া সরকারি ৬ শত বস্তা চাউল উদ্ধার করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম। গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার (০৪ সেপ্টম্বর) বিকালে উপজেলার শুকানদীঘী বাজারের একরামুল হক এর ব্যাক্তিগত গোডাউন থেকে এসব চাল উদ্ধার করা হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, কালীগঞ্জের ভোটমারি সরকারি খাদ্য গোডাউনের পরিদর্শক ফেরদৌস আলম গোপনে গোডাউন থেকে প্রায় ৪ কোটি টাকার চাউল সরিয়েছে। পরে বিষয়টি জেনে ঊর্ধ্বতন কর্মকর্তারা গোডাউনে তদন্ত করে চাউল খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। পরে ওই কর্মকর্তার সাথে যোগাযোগ স্থাপন করতে ব্যর্থ হয়। পরবর্তীতে চাউল উদ্ধারে বিভিন্ন জায়গায় অভিয়ান পরিচালনা করা হয়।
কালীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এনামুল হক জানান, ভোটমারি খাদ্য গোডাউনের কর্মকর্তা ফেরদৌস আলম গতকাল চার থেকে পাঁচটা গাড়ি দিয়ে গোডাউন থেকে সরকারি চাল বের করে নিয়ে গেছে এমন খবর পেয়ে আমরা গোডাউনে যাই এবং এর সত্যতা পাওয়া যায়। এ ব্যাপারে তার সাথে যোগাযোগ করা হলে কোনভাবেই তার সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। বিষয়টি থানায় সাধারন ডাইরী করা হয়েছে। আজ কিছু চাল উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম জানান, গতকাল রাতে আমরা খবর পাই ভোটমারী এলএসডি গোডাউন থেকে কিছু চাউলের বস্তা মিসিং হয়েছে, পরবর্তীতে আমরা ডিসি ফুটসহ সেটিকে সিলগালা করি এবং মিসিং হওয়া চাউল গুলো উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করি। অভিয়ানের এক পর্যায়ে শুকানদিঘী বাজারের একরামুলের হকের গোডাউন থেকে ৬শত বস্তা যা প্রায় ৩০ মেট্রিক টন চাউল উদ্ধার করা হয়েছে।