বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় সপ্তম স্থানে আজ রাজধানী ঢাকা। বুধবার সকাল ১০টা ৪৪ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেকক্সে (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ছিল ১৬৮। যা ‘অস্বাস্থ্যকর’হিসেবে বিবেচনা করা হয়।
বায়ু দূষণের এ তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ৪৮৫। ৪৪১ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। তৃতীয় স্থানে রয়েছে মিশরের কায়রো, স্কোর ২৯৮। চতুর্থ স্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটার, স্কোর ১৮২।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।
বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে প্রতি ঘনমিটারে দুই দশমিক পাঁচ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। এই মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের ও ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরে নেওয়া হয়। আর পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৫০০ হলে ‘বিপজ্জনক’ বলা হয়।