অর্থ পাচার, অবৈধ সম্পদ অর্জন ও হত্যা মামলার আসামী লালমনিরহাটের বহুল আলোচিত আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সুমন ওরফে হুন্ডি সুমনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা এস এন শ্লিপার বাসে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় সোমবার রাত সাড়ে ১০টায় তিস্তা টোল প্লাজা থেকে আটক করা হয়।
গ্রেফতারকৃত শাখাওয়াত হোসেন খান ওরফে সুমন খান লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা শহরের কালীবাড়ি মাস্টারপাড়া এলাকার মৃত বাচ্চু খানের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ কে এম ফজলুল হক গ্রেফতারে বিষয় নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের তার ফোর্স নিয়ে তিস্তা টোল প্লাজায় অভিযান চালিয়ে এস এন শ্লিপার বাসের ভিতর থেকে তাকে আটক করে।
তিনি আরো জানান, সুমন খানের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মানি লন্ডারিংসহ দ্রæত বিচার আইনে ২টি মামলা এবং আশুলিয়া, যাত্রবাড়ী, লালবাগ থানায় এজাহার ভুক্ত হত্যা মামলার আসামী এছাড়াও মিরপুর, যাত্রাবাড়ী এবং মোহাম্মদপুর থানায় বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে মামলা থাকায় গ্রেফতার করা হয়েছে।