বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

ডিসেম্বর ঘিরে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, নজরদারিতে ড্রোন


প্রকাশ : (৫ ঘন্টা আগে)
ডিসেম্বর ঘিরে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, নজরদারিতে ড্রোন

 

মহান বিজয়ের মাস ডিসেম্বর ঘিরে দিনাজপুরের হিলি সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, গুজব, নাশকতা ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে আধুনিক প্রযুক্তির মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় হিলি সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে চেকপোস্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।

তিনি বলেন, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে একটি মহল সীমান্ত এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে। তবে এখন পর্যন্ত এসব গুজবের কোনো বাস্তব প্রতিফলন বা সংশ্লিষ্ট কোনো দুর্ঘটনার ঘটনা ঘটেনি। সীমান্তের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

বিজিবির এই অধিনায়ক আরও বলেন, ডিসেম্বর মহান বিজয়ের মাস। এ মাসের তাৎপর্য ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থাপনা আরও উন্নত করা হয়েছে। থার্মাল ডিভাইস, নাইট ভিশন, সার্চলাইট, ফ্ল্যাগ লাইট, ডগ স্কোয়াড ও ড্রোনের মাধ্যমে দিন-রাত সীমান্ত পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষ করে স্পর্শকাতর এলাকাগুলোতে বাড়তি নজরদারি রাখা হয়েছে।

তিনি জানান, সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে আধুনিক সরঞ্জামে সজ্জিত বিশেষ রিজার্ভ প্লাটুন সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

এদিকে, সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়া বিভিন্ন গুজবে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে বিজিবি। কোনো সন্দেহজনক কর্মকাণ্ড বা অস্বাভাবিক পরিস্থিতি চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর অনুরোধ করা হয়েছে।

 

বিজ্ঞাপন