শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

প্রযুক্তির অগ্রযাত্রা থেকে সামাজিক পরিবর্তন, লালমনিরহাটে তিন বার্তা প্রধানমন্ত্রীর


প্রকাশ : (৯ ঘন্টা আগে)
প্রযুক্তির অগ্রযাত্রা থেকে সামাজিক পরিবর্তন, লালমনিরহাটে তিন বার্তা প্রধানমন্ত্রীর

 প্রযুক্তির অগ্রযাত্রা, কৃষি ও পানি ব্যবস্থাপনার উন্নয়ন এবং সামাজিক পরিবর্তনের বার্তা নিয়ে লালমনিরহাট সফর করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনব্যাপী সফরে তিনটি পৃথক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি দেশের বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা, তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ বাস্তবায়নের প্রত্যয় এবং সামাজিক সমস্যা সমাধানে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় ‘আলোকিত লালমনিরহাট’ মডেল দেশের বাকি ৬৩ জেলায় ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

সকালে লালমনিরহাটে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আগামী তিন বছরের মধ্যে দেশের বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনার কথা জানান। বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশীয় সক্ষমতা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশের তরুণ বিজ্ঞানীদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে মহাকাশ গবেষণা ও প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

সফরের দ্বিতীয় কর্মসূচিতে দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে মডেল খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কোদাল দিয়ে মাটি কেটে তিনি এ কর্মসূচির সূচনা করেন। পরে পুনঃখনন করা খালের পানিতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও হাঁস অবমুক্ত করেন। খাল পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়টি গুরুত্ব পায়।

এ সময় উত্তরাঞ্চলের উন্নয়নে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরে তিস্তা নদীর ভাঙন, বন্যা ও পানির ন্যায্য হিস্যার সংকটে থাকা এ অঞ্চলের মানুষের কাছে এসব পরিকল্পনা বিশেষ গুরুত্ব বহন করে। সংশ্লিষ্ট উন্নয়ন উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি, যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা স্থানীয়দের।

দিনের তৃতীয় কর্মসূচিতে বিকেলে জেলা কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। সংগঠনটির কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, ‘আলোকিত লালমনিরহাট’ মডেল দেশের বাকি ৬৩ জেলায় ছড়িয়ে দিতে হবে। সব সমস্যার সমাধান কেবল আইনের মাধ্যমে সম্ভব নয়। সামাজিক সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে অনেক সমস্যার সমাধান করা যায়।

প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন মত, ধর্ম ও শ্রেণি-পেশার মানুষকে নিয়ে সংগঠনটি ইতিবাচক পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ধরনের সংগঠন সারা দেশে প্রয়োজন। পরিবেশ দূষণ, মাদক সমস্যা ও সামাজিক অবক্ষয় রোধে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

‘আলোকিত লালমনিরহাট’-এর সভাপতি ও জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানসহ সংগঠনের নেতারা।

প্রধানমন্ত্রীর সফরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে লালমনিরহাটের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। একই সঙ্গে জেলার দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা কাটিয়ে ওঠার প্রত্যাশাও সামনে এসেছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, নদীভাঙন রোধ, বুড়িমারী স্থলবন্দরের আধুনিকায়ন, রেল ও সড়ক যোগাযোগের উন্নয়ন, শিল্পায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির দাবি জানিয়েছেন জেলাবাসী। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নও তাদের অন্যতম প্রত্যাশা।

প্রযুক্তির অগ্রযাত্রা, কৃষি ও পানি ব্যবস্থাপনার উন্নয়ন এবং সামাজিক ঐক্যের বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর এ সফর শেষ হলেও এখন ঘোষিত পরিকল্পনাগুলোর বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন লালমনিরহাটবাসী। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে উত্তরাঞ্চলের দীর্ঘদিনের সমস্যা ও সম্ভাবনার নতুন সমাধান দেখতে চান তিস্তাপারের মানুষ।

বিজ্ঞাপন