বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

আজ লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী, উন্নয়নের নতুন স্বপ্ন দেখছেন জেলাবাসী


প্রকাশ : (৪১ মিনিট আগে)
আজ লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী, উন্নয়নের নতুন স্বপ্ন দেখছেন জেলাবাসী

আজ লালমনিরহাট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমনকে ঘিরে জেলাজুড়ে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা কাটিয়ে নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছেন জেলাবাসী।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো লালমনিরহাট সফরে আসছেন তারেক রহমান। তাঁর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা। বিশেষ করে যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিল্পায়ন ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চান জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘদিন ধরে নানা উন্নয়ন সংকটের মুখোমুখি। জেলার সম্ভাবনাময় কৃষি, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতের পূর্ণ বিকাশ এখনো সম্ভব হয়নি। শিল্পকারখানার অভাব, পর্যাপ্ত কর্মসংস্থান না থাকা এবং উন্নত চিকিৎসাসেবার সীমাবদ্ধতায় অনেক মানুষকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে।

জেলাবাসীর অন্যতম বড় প্রত্যাশা তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন। নদীভাঙন, বন্যা ও খরার প্রভাব থেকে তিস্তা অববাহিকার মানুষকে রক্ষা করার পাশাপাশি কৃষি, মৎস্য, যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

এ ছাড়া লালমনিরহাটে মেডিকেল কলেজ ও আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, বুড়িমারী স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধি, রেল যোগাযোগের আধুনিকায়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে শিল্পাঞ্চল গড়ে তোলার দাবি দীর্ঘদিনের।

স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফর শুধু আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং জেলার দীর্ঘদিনের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন দাবিগুলো গুরুত্ব পাবে। তাঁর ঘোষণায় নতুন উন্নয়নের দিকনির্দেশনা পাবে লালমনিরহাট, এমনটাই আশা করছেন জেলাবাসী।

সব মিলিয়ে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে লালমনিরহাটবাসীর প্রত্যাশা একটাই-উন্নয়নবঞ্চনার অবসান, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং একটি আধুনিক, সমৃদ্ধ ও সম্ভাবনাময় লালমনিরহাট গড়ে তোলা।

বিজ্ঞাপন