বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

২ হাজার ৭৬৯ কোটি টাকার প্রকল্পে আসছে ৩০ নতুন রেল ইঞ্জিন


প্রকাশ : (১১ ঘন্টা আগে)
২ হাজার ৭৬৯ কোটি টাকার প্রকল্পে আসছে ৩০ নতুন রেল ইঞ্জিন

পণ্য পরিবহনে রেলওয়ের সক্ষমতা বাড়াতে ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ৩০টি নতুন মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ (রেল ইঞ্জিন) সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন ইঞ্জিন যুক্ত হলে যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে বলে আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বাংলাদেশ রেলওয়ের পুরোনো ও মেয়াদোত্তীর্ণ ইঞ্জিনের সংকট কাটাতে ‘রেলওয়ের সক্ষমতা সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পটি নেওয়া হয়েছে। গত ৭ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।

প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮১১ কোটি ৩৮ লাখ টাকা। বাকি ১ হাজার ৯৫৮ কোটি ৪৮ লাখ টাকা ঋণ দেবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)।

প্রকল্পটি বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিটি নতুন ইঞ্জিনের আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় ৬৯ কোটি টাকা। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সরবরাহকারী প্রতিষ্ঠান নির্বাচন করা হবে।

বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে সংস্থাটির বহরে ২৯২টি লোকোমোটিভ রয়েছে। এর মধ্যে ১৬৪টি মিটারগেজ এবং ১২৮টি ব্রডগেজ। তবে মিটারগেজ ইঞ্জিনগুলোর বড় একটি অংশের অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ হয়ে গেছে।

রেলওয়ের হিসাব অনুযায়ী, বর্তমানে ব্যবহৃত ১১৫টি মিটারগেজ লোকোমোটিভের আয়ুষ্কাল অতিক্রম করেছে। এর মধ্যে ৬২টির বয়স ৪০ বছরের বেশি। দীর্ঘদিন ব্যবহারের কারণে এসব ইঞ্জিনের কার্যক্ষমতা কমেছে। পাশাপাশি প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ ও রক্ষণাবেক্ষণেও দেখা দিয়েছে নানা জটিলতা।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বাসসকে বলেন, রেলওয়ের পণ্য পরিবহন সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো প্রয়োজনীয় লোকোমোটিভের ঘাটতি। নতুন ৩০টি মিটারগেজ ইঞ্জিন যুক্ত হলে এ সংকট অনেকটাই কমবে। পাশাপাশি যাত্রী ও পণ্য পরিবহনে আরও ভালো সেবা দেওয়া সম্ভব হবে।

বর্তমানে দেশের অভ্যন্তরীণ পণ্য পরিবহনের মাত্র ৩ থেকে ৪ শতাংশ রেলপথে হয়ে থাকে। অথচ তুলনামূলক কম খরচে দীর্ঘ দূরত্বে বিপুল পরিমাণ পণ্য পরিবহনের সুযোগ রয়েছে রেলওয়েতে। চাল, গম, সার, জ্বালানি তেল, পাথর, বালু, শিল্পকারখানার কাঁচামাল ও কনটেইনার পরিবহনে রেলওয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে রেলপথে ৫৪ লাখ ৬৭ হাজার টন পণ্য পরিবহন করা হয়। ২০২১-২২ অর্থবছরে তা কমে দাঁড়ায় ৫৩ লাখ ৩৩ হাজার টনে। ২০২২-২৩ অর্থবছরে আরও কমে হয় ৪৪ লাখ ১৪ হাজার ২০২ টন।

রেলপথমন্ত্রী মো. ফাহিমুল ইসলাম বাসসকে বলেন, সরকার রেলওয়েকে শুধু যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবে দেখতে চায় না। দেশের পণ্য পরিবহন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে রেলওয়ের অংশগ্রহণ বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য। সড়কপথের ওপর চাপ কমাতে এবং সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তুলতে রেলপথের সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

অন্যদিকে, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, মিটারগেজ লোকোমোটিভের ঘাটতির কারণে অনেক সময় বিদ্যমান সক্ষমতা অনুযায়ী ট্রেন পরিচালনা করা সম্ভব হয় না। নতুন ৩০টি ইঞ্জিন যুক্ত হলে এ সংকট অনেকটা কমবে। পাশাপাশি পুরোনো ইঞ্জিনের ওপর নির্ভরতা কমিয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর রেল পরিবহনব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

তবে রেলওয়ের সক্ষমতা বাড়াতে শুধু নতুন ইঞ্জিন সংগ্রহই যথেষ্ট নয়। পাশাপাশি ওয়াগনের সংখ্যা বাড়ানো, পণ্য ওঠানো-নামানোর অবকাঠামো উন্নয়ন, ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) ও লজিস্টিকস হাব নির্মাণের প্রয়োজন রয়েছে।

প্রকল্পের আওতায় নতুন ইঞ্জিনের খুচরা যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ সরঞ্জাম ও কারিগরি সহায়তা সংগ্রহের পাশাপাশি রেলওয়ের প্রকৌশলী, সুপারভাইজার ও সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

রেলওয়ের মাস্টারপ্ল্যান অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে দেশের মিটারগেজ রেললাইনগুলোকে ডুয়েলগেজে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। তবে এ প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগবে। তাই বিদ্যমান মিটারগেজ নেটওয়ার্ক সচল রাখতে নতুন ইঞ্জিন সংগ্রহকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে সরকার।

সূত্র: (বাসস)

বিজ্ঞাপন