রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

আসামের ধানক্ষেতে মিলল যুবদলের ব্যানারসহ গ্যাসবেলুন, তদন্তে ভারতীয় পুলিশ


প্রকাশ : (২ ঘন্টা আগে)
আসামের ধানক্ষেতে মিলল যুবদলের ব্যানারসহ গ্যাসবেলুন, তদন্তে ভারতীয় পুলিশ

ভারতের আসাম রাজ্যের লখিমপুর জেলার একটি ধানক্ষেত থেকে গ্যাসভর্তি বেলুনের সঙ্গে বাঁধা বাংলাদেশের বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের নাম ও প্রতীক সংবলিত একটি ব্যানার উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) নারায়ণপুর থানার অধীন লেতেকুজান গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় এক কিশোর সকালে পাশের মাঠে গরু চরাতে গিয়ে বেলুনগুলো দেখতে পায়। পরে বেলুনগুলো একটি বাঁধের কাছে নেমে এলে সে সেগুলো সংগ্রহ করে বাড়িতে নিয়ে যায়।

ফ্লেক্সে ছাপানো ব্যানারটিতে জাতীয়তাবাদী যুবদলের মৌলভীবাজার জেলা শাখার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বার্তা লেখা ছিল। এতে বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবিও ছিল।

ব্যানারসহ বেলুন পাওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বাংলাদেশের কয়েকটি ভিডিওতে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বিভিন্ন স্থানে একই ধরনের দলীয় ব্যানারসংবলিত বেলুন ওড়াতে দেখা গেছে।

গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে ঢালপুর পুলিশ ফাঁড়ির একটি দল লেতেকুজান গ্রামে যায়। পরে তারা বেলুন ও ব্যানারটি নিজেদের হেফাজতে নেয়।

বেলুনগুলো কোথা থেকে এসেছিল এবং কীভাবে ভারতের ওই গ্রামে পৌঁছেছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্র: নর্থইস্ট নাউ

 

বিজ্ঞাপন