রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ বরখাস্ত


প্রকাশ : (২২ ঘন্টা আগে)
ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ বরখাস্ত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হারুন-অর-রশিদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে সরকার।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে তার বরখাস্তের আদেশ কার্যকর হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা হারুন-অর-রশিদ ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তার বর্তমান ও স্থায়ী ঠিকানায় এবং ইমেইলের মাধ্যমে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কর্মস্থলে যোগ দেননি।

এ ঘটনায় পুলিশ সদর দপ্তরের সুপারিশের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১৫ এপ্রিল তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি।

পরে ২২ জুন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। ৬ আগস্ট জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর ৩(গ) বিধি অনুযায়ী তার বিরুদ্ধে কর্মস্থল ত্যাগের অভিযোগ প্রমাণিত হয়।

এরপর ২০ আগস্ট তাকে দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি। পরবর্তী সময়ে চাকরি থেকে বরখাস্তের বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত চাওয়া হলে ১ অক্টোবর কমিশন তাকে বরখাস্তের সুপারিশ করে।

বিভাগীয় মামলার নথি, তদন্ত প্রতিবেদন ও পিএসসির মতামত পর্যালোচনা করে কর্তৃপক্ষ অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়। গত ২৫ অক্টোবর রাষ্ট্রপতি এ সিদ্ধান্তে অনুমোদন দেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোরশেদ চৌধুরী এ প্রজ্ঞাপন জারি করেন।

বিজ্ঞাপন