দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লালমনিরহাটের ক্রীড়াঙ্গনে প্রাণের সঞ্চার করেছে। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করার পাশাপাশি মাদক ও জুয়ার মতো সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে ‘জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ফ্যাসিবাদের আমলে লালমনিরহাট থেকে ক্রীড়া বিদায় নিয়েছিল। বর্তমান সরকারের সহযোগিতায় এখানে ক্রীড়াক্ষেত্রে প্রাণের সঞ্চার হয়েছে। সরকারের সদিচ্ছা ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমানে দেশের বিভিন্ন স্থানে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেন, খেলায় অংশগ্রহণের মাধ্যমে তাদের মধ্যে যে প্রতিভার বিকাশ ঘটছে, লেখাপড়ার পাশাপাশি সেই প্রতিভা ধরে রাখতে হবে।
মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা তুলে ধরে আসাদুল হাবিব দুলু বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের অন্যতম বাধা মাদক ও জুয়া। তরুণেরা এসবের প্রতি বেশি আসক্ত হয়। লেখাপড়ার পাশাপাশি তাদের খেলাধুলায় মনোযোগী করতে পারলে মাদক ও জুয়ার মতো অপকর্ম থেকে দূরে রাখা সম্ভব হবে। এতে সুন্দর সমাজ গঠন সহজ হবে। আলোকিত লালমনিরহাট গড়তে সরকারি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, ফুটবলকে দেশের সর্বত্র ছড়িয়ে দিতে হবে। কিশোর বয়স ফুটবলের জন্য উপযুক্ত সময়। এ বয়সের ফুটবলারদের সঠিকভাবে পরিচর্যা করা গেলে দেশের ফুটবলের পাইপলাইন সমৃদ্ধ হবে। তিনি দেশের অন্যান্য জেলাতেও এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, অভিভাবক, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।
উল্লেখ্য, টুর্নামেন্টের ফাইনাল খেলায় বসুন্ধরা ক্রীড়া চক্র ১-০ গোলে নবাবের হাট আদর্শ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ বরখাস্ত
২৩ ঘন্টা আগে