শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার


প্রকাশ : (১৩ ঘন্টা আগে)
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার

আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার বলেন, গত ১৭ বছর নির্বাচন সুষ্ঠু হয়নি। তাই আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া প্রয়োজন। সমাজে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে, কিন্তু অর্থসম্পদ নেই, এমন ব্যক্তিদেরও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত। এ জন্য নির্বাচন কমিশনকে এমন পদ্ধতি নির্ধারণ করতে হবে, যাতে সাধারণ মানুষ নির্বাচনে অংশ নিতে পারেন। শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা অনুযায়ী, আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এমন পরিবেশ সৃষ্টি হয়েছিল, যেখানে সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব ছিল না। এ কারণে নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। ভোলার প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা তুলে ধরে স্পিকার বলেন, জেলায় পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক গ্যাস রয়েছে। এখানকার গ্যাসের মজুত দেশের বর্তমান গ্যাসের মজুতের সমপর্যায়ের বলে দেখা যাচ্ছে। ভোলায় আরও গ্যাসের ভান্ডার থাকার সম্ভাবনাও রয়েছে। তিনি বলেন, ভোলার সাধারণ মানুষের গ্যাস প্রয়োজন। দীর্ঘদিন ধরে ভোলাবাসী এ নিয়ে কষ্ট করছেন। গ্যাস তাদের ন্যায্য অধিকার এবং দীর্ঘদিনের দাবি। এ বিষয়ে তিনি জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। নিজ নির্বাচনী এলাকা লালমোহন-তজুমদ্দিনে তিন দিনের সফর শেষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উদ্দেশ্যে ভোলা ত্যাগ করেন স্পিকার।

বিজ্ঞাপন