সাইবার নিরাপত্তা আইনসহ অন্যান্য আইন সংশোধনের বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে ভোলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সাইবার নিরাপত্তা আইনসহ অন্যান্য আইন সংশোধনের বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা হয়েছে। বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রের মালিকদের সঙ্গেও কথা বলা হয়েছে। কীভাবে টেলিভিশন ও সংবাদপত্রের সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা যায় এবং একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা বজায় রাখা যায়, তা নিয়ে আলোচনা চলছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, এ বিষয়ে সামনে ভালো কিছু আসবে।
দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনের আগে থেকেই এ বিষয়ে কথা বলা হয়েছে। বর্তমানে হিন্দু-মুসলমানসহ সব সম্প্রদায়ের মানুষের জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, দুর্গাপূজা উদযাপনকারীদের সঙ্গে কথা হয়েছে। নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা থাকলে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। তিনি নিজে যে পরিস্থিতি দেখেছেন, তাতে কোনো অপ্রীতিকর ঘটনা চোখে পড়েনি। আনন্দমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গাপূজা উদযাপন করছেন।
এদিকে নেত্রকোনায় সাংবাদিক হত্যার ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তথ্যমন্ত্রী বলেন, শুধু সাংবাদিক নয়, যে কারও সঙ্গে এমন ঘটনা ঘটলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় পূজা উদযাপন কমিটির নেতারা ও স্থানীয় বিজেপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পে-ফিক্সেশন শেষে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সুখবর
২২ ঘন্টা আগে