গ্যারান্টি ক্লজসহ গঙ্গা-পদ্মা পানি বণ্টন চুক্তি নবায়ন, পদ্মা ব্যারেজ ও তিস্তা প্রকল্প বাস্তবায়ন এবং ২০ হাজার কিলোমিটার নদ-নদী ও খাল খননের দাবিতে শনিবার (২৪ অক্টোবর) নাগরিক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন।
জাতিসংঘ দিবস উপলক্ষে সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মো. আনোয়ার সাদত। সমাবেশে জাতীয় পর্যায়ের নদী ও পরিবেশ বিশেষজ্ঞ এবং নদী আন্দোলনের কর্মীরা বক্তব্য দেবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
আয়োজকদের দাবি, ১৯৯৬ সালে সম্পাদিত ৩০ বছর মেয়াদি গঙ্গা-পদ্মা পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে চুক্তিটি নবায়নের পাশাপাশি পানি বণ্টনে গ্যারান্টি ক্লজ অন্তর্ভুক্ত করতে হবে। পানি, কৃষি, পরিবেশ, জ্বালানি, অর্থনীতি ও খাদ্যনিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন চুক্তি সম্পাদনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদ-নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি চুক্তি বা সমঝোতা করারও দাবি জানিয়েছে সংগঠনটি।
সমাবেশ থেকে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ ও তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হবে। আয়োজকদের মতে, এসব প্রকল্পের নকশা প্রণয়ন ও বাস্তবায়নে পানি ব্যবস্থাপনা, কৃষি, পরিবেশ, জ্বালানি, অর্থনৈতিক উন্নয়ন ও খাদ্যনিরাপত্তার বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি প্রকল্পগুলোকে অর্থনৈতিকভাবে লাভজনক করার উদ্যোগ নেওয়া এবং অন্যান্য অভিন্ন নদীতেও এ ধরনের প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা যাচাই করার আহ্বান জানানো হবে।
এ ছাড়া ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো, সুপেয় পানির আধার তৈরি ও খরা মোকাবিলায় সেচসুবিধা সম্প্রসারণের লক্ষ্যে ২০ হাজার কিলোমিটার নদ-নদী ও খাল খনন এবং পুনরুদ্ধার কার্যক্রম শুষ্ক মৌসুমের শুরুতেই চালুর দাবি জানাবে সংগঠনটি।
নদী খনন ও পুনরুদ্ধার কার্যক্রমের আগে নদী দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া এবং অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবি জানিয়েছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন। একই সঙ্গে নদীদূষণে জড়িত শিল্পকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানের তালিকা তৈরি করে তাদের আইনের আওতায় আনা এবং বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন নিশ্চিত করার আহ্বান জানানো হবে।
সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক কালিমুল্লাহ ইকবাল স্বাক্ষরিত কর্মসূচি-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়েছে।
পে-ফিক্সেশন শেষে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সুখবর
১৭ ঘন্টা আগে