ফুটপাতের অস্থায়ী খাবারের দোকান থেকে শুরু করে রেস্তোরাঁ, বেকারি ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, সব ধরনের খাদ্য ব্যবসার জন্য নিবন্ধন বা লাইসেন্স বাধ্যতামূলক করছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। আগামী ১ নভেম্বর থেকে এ নিয়ম কার্যকর হওয়ার কথা রয়েছে।
গত ১৬ জুলাই ‘নিরাপদ খাদ্য (রেজিস্ট্রেশন ও লাইসেন্স) প্রবিধানমালা, ২০২৬’ সরকারি গেজেট আকারে প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নিবন্ধন ও লাইসেন্স গ্রহণের জন্য খাদ্য ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
নতুন নিয়মের আওতায় রাস্তার পাশের অস্থায়ী ও ভ্রাম্যমাণ খাবারের দোকান, রেস্তোরাঁ, বেকারি ছাড়াও খাদ্য উৎপাদনকারী ও আমদানিকারক প্রতিষ্ঠানকে নিবন্ধন বা লাইসেন্স নিতে হবে।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রচলিত ১৬ শ্রেণির খাদ্য ব্যবসার প্রথমবার নিবন্ধন বিনামূল্যে করা হবে। তবে বিশেষায়িত খাদ্যপণ্যের ক্ষেত্রে লাইসেন্স নিতে হবে এবং এ জন্য প্রযোজ্য ফি দিতে হবে।
নিবন্ধন ও লাইসেন্সের মেয়াদ হবে তিন বছর। খাদ্যপণ্যের প্যাকেটে বিএফএসএর নিবন্ধন নম্বর উল্লেখ করতে হবে। নিবন্ধন বা লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।
প্রাথমিক পর্যায়ে সংশ্লিষ্ট জেলা কার্যালয়ে আবেদন করা যাবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে শতভাগ অনলাইন আবেদনব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
নতুন এ বিধানের মাধ্যমে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্সের আওতা বাড়ানোর পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সূত্র: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তথ্য।
পে-ফিক্সেশন শেষে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সুখবর
১৭ ঘন্টা আগে