কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষির সম্ভাবনাকে এগিয়ে নিতে প্রতিষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এরই মধ্যে শিক্ষা ও গবেষণা কার্যক্রমে গতি এনেছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সরাসরি ভর্তি ও ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির নিয়মিত একাডেমিক কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে কৃষি গুচ্ছের ভর্তি কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি অব্যাহত রয়েছে এবং বর্তমানে একাডেমিক কার্যক্রমও এগিয়ে চলছে।
শিক্ষার পাশাপাশি গবেষণার ক্ষেত্রেও বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে বিশ্ববিদ্যালয়টি। অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবাহর সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। কৃষি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের শিক্ষার পাশাপাশি মাঠপর্যায়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে ফিল্ড ট্রিপ ও বিভিন্ন প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে।
শিক্ষার্থীদের দক্ষতা, নেতৃত্ব ও সৃজনশীলতা বিকাশে চালু করা হয়েছে ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব ও স্কাউটস কার্যক্রম। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুন্দর আবাসিক পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। সমৃদ্ধ ই-লাইব্রেরি ও নতুন স্থায়ী একাডেমিক ভবন নির্মাণের প্রক্রিয়াও এগিয়ে চলছে।
প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই জাতীয়, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কর্মসূচিতেও অংশগ্রহণ করছে বিশ্ববিদ্যালয়টি। মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবসসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসে আলোচনা সভা, র্যালিসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক কৃষিশিক্ষা পৌঁছে দেওয়া এবং গবেষণার মাধ্যমে কৃষির উন্নয়নে অবদান রাখাই কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান লক্ষ্য। স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিকে একটি বিশ্বমানের গবেষণাধর্মী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যাশা রয়েছে প্রশাসনের।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহঃ রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল আলীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নুর মহল আখতার বানু।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহঃ রাশেদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের আজ পাঁচ বছর পূর্ণ হলো। দেশের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে তাল মিলিয়ে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ও এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে। আশা করছি, তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থাও নিশ্চিত করা সম্ভব হবে।
একজন সার্থক শিক্ষকের স্মৃতিতে আব্দুল মোন্নাফ স্যার
১ সপ্তাহ আগে