শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ রোধে গংগাচড়ায় স্কুল বিতর্ক


প্রকাশ : (১১ ঘন্টা আগে)
বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ রোধে গংগাচড়ায় স্কুল বিতর্ক

বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণের ঝুঁকি এবং ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে রংপুরের গংগাচড়া উপজেলায় স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। জননী প্রকল্পের আওতায় ইউনিয়ন ও স্থানীয় পর্যায়ে উপজেলার আটটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ বিতর্ক অনুষ্ঠিত হয়।

‘রংপুর, বাংলাদেশে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণ’ শীর্ষক জননী প্রকল্পের আওতায় এ স্কুল বিতর্ক ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। কোরিয়ান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (কোয়িকা) অর্থায়নে আরডিআরএস বাংলাদেশ প্রকল্পটি বাস্তবায়ন করছে। সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহায়তায় এবং সুবর্ণরেখা লিমিটেডের ব্যবস্থাপনায় ক্যাম্পেইনটি পরিচালিত হচ্ছে।

গংগাচড়া উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয়কে কেন্দ্র করে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের অংশগ্রহণে স্থানীয় পর্যায়ের বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুইবারের দেশসেরা বিতার্কিক জয় লালা। আরও উপস্থিত ছিলেন সুবর্ণরেখা রংপুরের সমন্বয়ক নিরব সরকার সাম্য।

আয়োজকেরা জানান, বিতর্কের মাধ্যমে কিশোর-কিশোরী, পরিবার ও কমিউনিটির মধ্যে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, কিশোরী গর্ভধারণের ঝুঁকি, আইনগত অধিকার, মাতৃ ও নবজাতক স্বাস্থ্য এবং পরিবার ও সমাজের সহায়ক ভূমিকা সম্পর্কে সচেতনতা বাড়ানো হচ্ছে।

একই সঙ্গে শিক্ষার্থীদের যুক্তিবোধ, আত্মবিশ্বাস এবং সামাজিক বিষয়ে সক্রিয় অংশগ্রহণের সুযোগ তৈরি করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

স্থানীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়া বিদ্যালয়গুলোর মধ্য থেকে সেরা দলগুলো পরবর্তী উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। প্রকল্পের কাঠামো অনুযায়ী, প্রতিটি উপজেলা থেকে স্থানীয় পর্যায়ের সেরা চারটি বিদ্যালয় উপজেলা পর্যায়ে উন্নীত হবে। পরে উপজেলা পর্যায়ের বিজয়ী দলগুলো জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, বিতর্ক প্রতিযোগিতায় ছেলে ও মেয়েদের সমানভাবে অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পৃক্ত করা হবে।

আয়োজকেরা মনে করেন, এসব বিতর্ক শুধু শিক্ষার্থীদের প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে এটি স্থানীয় পর্যায়ে সচেতনতা ও সামাজিক সম্পৃক্ততার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

একই কর্মসূচির আওতায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায়ও ইউনিয়ন ও স্থানীয় পর্যায়ে বিতর্ক আয়োজনের সূচি রয়েছে।

বিজ্ঞাপন